প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৭ এপ্রিল , ২০২৫
গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ-সংহতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার (৭ এপ্রিল) গাজায় বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে জামায়াত-শিবির, ছাত্রদল, নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন, আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 'The World Stops for Gaza' কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবী, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
এছাড়াও, ঢাবি শিক্ষার্থীদের দ্বারা গঠিত বিভিন্ন বিভাগ, হল, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকেও 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা'র প্রতি সংগতি জানিয়ে বিবৃতি দিয়েছে।
গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। তারা সোমবার কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন।
ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সোমবারের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে গাজাবাসী। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সবাইকে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার সারা দেশে ধর্মঘটের ডাক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও ছাত্রনেতা। এই ডাকের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে আগামীকাল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম। তারা বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালন হচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান থাকছে।
এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এক ভিডিও বার্তায় সোমবার সারা দেশে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আপনারা এই ধর্মঘট সফল করুন। আগামীকাল বাংলাদেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন না চালু হয়, কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয়, তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করুন।”
ছাত্রদলের সংহতি ও কর্মসূচি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ইসরায়েলের হামলায় হতাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সোমবার বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
রোববার এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করছেন ইসরায়েলি সেনারা। গাজা আজ মৃত্যু উপত্যকা। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েল। পরিতাপের বিষয় এই যে বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল বের করে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল।