ইবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৫ মে , ২০২৫
জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৪ মে) সোয়া রাত ১০ টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে সমাবেশে মিলিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইটের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহসমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও সাজ্জাতুল্লাহ শেখ।
এছাড়াও জাস্টিস ফর জুলাইয়ের আহবায়ক নাহিদ হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।
হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের প্রায় বছর হয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিচার হচ্ছে না। আমরা যখন সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করছি, তখন কিছু দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি থেকে সরে আসছে। ওইসব দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না। কারণ তাদের ধারণা, নিজেদের ভোট কমে যাবে।”