প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩১ মে , ২০২৫
বিয়ের খবর শুনে প্রেমিকাকে ছুরিকাঘাত করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ।
হামলার পর পার্থ নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান জানান।
গত ৫ অগাস্টের পর একাধিক মামলায় পার্থ পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পার্থ সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালি গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাতে আহত তরুণী একই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনিও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী।
পার্থ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেয়েটি জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
পুলিশ ও আহত তরুণীর স্বজনরা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকা দিয়ে ভাবি ও ছোট বোনকে নিয়ে পার্লারে যাচ্ছিলেন। এ সময় পার্থ মেয়েটিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে বোন, ভাবি ও এলাকার লোকজন মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ছুরিকাঘাতের পর সেখান থেকে পালিয়ে শহরের ধোপাখালি শ্মশানে গিয়ে পার্থ নিজের শরীরেও ছুরিকাঘাত করেন। তখন প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে পুলিশে দেন। পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।
পার্থের স্বজনদের বরাতে মোহনপুর ইউপি সদস্য ও নৌকাখালি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পার্থের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের প্রেম ভেঙে যায়।”
“গত ৫ অগাস্টের পর একাধিক মামলায় সঞ্জীবন আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এখন মেয়েটির বিয়ের খবর পেয়ে তাকে আক্রমণ করেছে এবং নিজেকেও ছুরিকাঘাত করেছে। রোববার মেয়েটির বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।”