জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৩ জুলাই , ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মসজিদ কমিটি ও শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলজুড়ে ছিল শোক, বিষাদ এবং আহতদের সুস্থতা কামনার আন্তরিক প্রার্থনা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এই দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আমরা যারা বেঁচে আছি, তাদের দায়িত্ব আরও বেড়ে গেল—নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা। আমরা আহতদের জন্য নিরবচ্ছিন্ন দোয়া করে যাচ্ছি এবং এই দোয়া তাদের সুস্থতা না ফেরা পর্যন্ত অব্যাহত থাকবে।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন বলেন, “শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা চাই, তদন্ত কমিটি সঠিক তথ্য তুলে ধরুক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হোক।”
দোয়া মাহফিলে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, “আজকে আমরা শুধু আমাদের ছোট ভাইবোনদের হারাইনি, হারিয়েছি আগামী প্রজন্মের সম্ভাবনা। এই মৃত্যু একা কোনো পরিবারের না, এটা পুরো জাতির শোক।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাতসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজ কক্ষে আলাদা দোয়া মাহফিলে অংশ নেন জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হন। নিহতদের অধিকাংশই ছিল স্কুলের শিশু শিক্ষার্থী। এই শোকাবহ ঘটনায় আজ মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে।