প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫
জুলাই আন্দোলনে আহত ‘জাতির কৃতি সন্তানদের’ পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শও দিয়েছেলে তিনি।
রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে নিজের আয়োজিত ইফতার অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেন, “আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান।
এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলে জানিয়েছে তিনি বলেন, “আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।”
জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির কৃতি সন্তান।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ইফতার ও নৈশভোজের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “উক্ত ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
সেনাবাহিনী জানিয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
“বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকা'তে চিকিৎসাধীন রয়েছেন।”