প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৩ জুন , ২০২৫
বিক্ষুব্ধ জনতার হাতে আটকের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২২ জুন) রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নূরুল হুদা সাদা একটি টি-শার্ট ও লুঙ্গি পরা। তাকে ঘিরে রয়েছেন একদল লোক। তারা নূরুল হুদাকে একটি জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। পাশেই পুলিশ দাঁড়ানো।
ভিডিওতে আরও দেখা যায়, কেউ কেউ নূরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন এবং নানাভাবে তাকে হেনস্তা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, হেনস্তার পর নূরুল হুদাকে পুলিশে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পরে বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার (২৩ জুন) তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেছে বিএনপি। সেই মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ‘রাতের ভোটের’ সময় তিনি সিইসির দায়িত্বে ছিলেন। এজন্য তাকে অনেকে ‘রাতের ভোটের’ প্রধান খলনায়ক হিসেবে আখ্যায়িত করেন।