প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৫ মার্চ , ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। এদিন আগামী ২৪ মার্চের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ (শনিবার)।
আজ সকাল ৮টায় ২৫ মার্চ ভ্রমণের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, সকাল ৮টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি হবে। এসময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।
অন্যদিকে, দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।
চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।