রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২১ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের নতুন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হবে এবং চলবে ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ করে এ কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের পরপরই বিভিন্ন ছাত্র সংগঠন ক্ষোভ প্রকাশ করে।
বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “নির্বাচনে কারও প্রভাব বিস্তার বা কমিশনের পক্ষ থেকে আলাদা সুবিধা করে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই।”
তবে ছাত্র সংগঠনগুলো ভিন্নমত প্রকাশ করেছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় ক্ষমতাধর সংগঠনগুলোর প্রতি নমনীয় থাকে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন তা উপেক্ষা করেছে। অথচ শক্তিশালী একটি সংগঠনের অনুরোধেই মনোনয়নপত্র বিতরণের সময় পরিবর্তন করা হয়েছে।”
একই অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, কমিশন একটি রাজনৈতিক সংগঠনের সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “যদি নির্বাচন কমিশন কোনো সমঝোতা করে থাকে এবং নির্ধারিত সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে।”
অন্যদিকে ছাত্রদলের শাখা সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, তাদের কিছু যৌক্তিক দাবি রয়েছে এবং সে দাবিগুলো পূরণ করেই তারা নির্বাচন চান। তবে সময় পরিবর্তনের পেছনে তাদের কোনো হাত নেই বলে দাবি করেন তিনি।
এদিকে রাকসু নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে। মঙ্গলবার মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, এবার ভোটার সংখ্যা ২৪ হাজার ৮৯২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন। খসড়া তালিকায় মোট ভোটার ছিল ২৫ হাজার ১৫২ জন। যাচাই-বাছাই শেষে ২৬০ জনের নাম বাদ পড়েছে, তবে বাদ পড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এ নির্বাচনে বিদেশি শিক্ষার্থীরা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকছেন। ভোটার তালিকায় শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির শিক্ষার্থীদের রাখা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং ভোটাধিকারকে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করায় বিদেশি শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি।”