প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এখন আগের মতো পাসপোর্টে লেখা থাকবে- ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক উপসচিব নীলিমা আফরোজের সই করা এক আদেশে এই তথ্য জানা গেছে। গত ৭ এপ্রিল এই আদেশ দেয়া হলেও রোববার বিষয়টি জানাজানি হয়েছে।
‘বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল’ শিরোনামে উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
দীর্ঘদিন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেওয়া হয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।