কুবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৩ আগস্ট , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞানের সম্পর্ক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
‘ব্রিজিং কালচারস, বিল্ডিং ফিউচারস : অ্যান্থ্রোপলজি ইন অ্যাকশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন এবং ছাত্র উপদেষ্টা ও প্রভাষক অমিত দত্ত।
অনুষ্ঠান পরিচালনা করেন অ্যান্থ্রোপলোজি সোসাইটির সহ-সভাপতি ওবায়দুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক মানছুর আলম অন্তর।
সেমিনারে মূল আলোচক হিসেবে অংশ নেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর গবেষকবৃন্দ। তারা হলেন:
সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মুহাম্মদ শিফুদ্দিন, সহযোগী বিশেষজ্ঞ আশীষ মাওলা, সামাজিক ভাষাবিজ্ঞানী ও তথ্য বিশ্লেষক তানভীর আহমেদ রিফাত, সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মো. আলমগীর হোসেন ও অর্থনীতিবিদ আবদুল্লাহ আল মামুন।
সেমিনারে বক্তারা উন্নয়ন খাতে নৃবিজ্ঞানের ব্যবহার, চাকরি বাজারে নৃবিজ্ঞান শিক্ষার্থীদের প্রস্তুতি, পরিমাণগত তথ্য বিশ্লেষণ ও তাত্ত্বিক জ্ঞান অর্জনের গুরুত্বসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, নৃবিজ্ঞান শিক্ষার্থীদের কর্মজীবনে বাস্তবভিত্তিক ধারণা দিতে এবং একাডেমিক জ্ঞানকে সমাজে প্রয়োগযোগ্য করতে এই সেমিনারের আয়োজন করা হয়।