ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২৬ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জগন্নাথ হল ও শামসুন নাহার হলে একযোগে এই সেবা দেওয়া হয়।
এই মেডিকেল ক্যাম্পে অংশ নেয় ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের চিকিৎসা দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, শিক্ষার্থীদের সহজে চিকিৎসাসেবা দিতে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ চালু করা হয়েছে। প্রতি মাসেই এই ক্যাম্প নিয়মিতভাবে চলবে। এতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের সুবিধা পাবেন।
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থতা রক্ষা জরুরি। এ উদ্যোগ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।