ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৭ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ছাত্রী হলের কম্পিউটার ল্যাব সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কম্পিউটার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম হল প্রভোস্টদের কাছে এসব কম্পিউটার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপউপাচর্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, পলিসি এডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অথচ তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। সরকার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।