ফরহাদ হোসেন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ এপ্রিল , ২০২৫
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধে দাবিতে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা ১১টার দিকে 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচি শুরু করে। তাঁতীবাজার মোড়ে পুলিশ তাদের থামিয়ে দেয়।
মিছিল শেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন এর নেতৃত্বে এ স্মারকলিপি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় ড. বিলাল হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইজরায়েল পুন:প্রতিষ্ঠাসহ ৭টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশাকরি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “ইজরায়েল আবারও গাজায় নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছে—শিশুরা মারা যাচ্ছে, মায়েদের কোল খালি হচ্ছে, ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল, এমনকি মসজিদ। মানবতা আজ গাজার সঙ্গে কাঁদছে। আমাদের শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষাও ফুরিয়ে এসেছে।”
স্বারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহবায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেনসহ অন্যান্যরা।