প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩০ আগস্ট , ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। ফলে শুক্রবার রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে রক্তপাত বন্ধ হয়েছে ও তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে আগামী ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাঁকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত ঘোষণা করা সম্ভব নয়।
পরিচালক আরও জানান, শুক্রবার রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সকালে বোর্ডের বৈঠকে তাঁর চিকিৎসা নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হকসহ কয়েকজন আহত হন।
গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতাকর্মীরাই প্রথমে তাদের মিছিলে হামলা চালায়। তবে জাপা পক্ষ থেকে বলা হয়, গণ অধিকার পরিষদের কর্মীরাই আগে আক্রমণ চালিয়েছে।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, রাত সাড়ে ৯টার দিকে তাঁরা কার্যালয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ ও সেনা সদস্যরা আকস্মিকভাবে তাদের ওপর আক্রমণ চালায়। এতে সভাপতি নুরুল হকসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত নুরুল হকসহ ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, শুরুতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কিছু কর্মী তা অমান্য করে সহিংসতা শুরু করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। রাত ৯টার দিকে মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বাহিনীর সদস্যরা বলপ্রয়োগে বাধ্য হন। এ সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।