ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১২ নভেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বুধবার (১২ নভেম্বর) বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের দ্বৈত বেঞ্চ আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।
রিট আবেদনটি করেছিলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সংস্থাটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি জানান, ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর একটি সংবাদে উল্লেখ করা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক খেলার মাঠ থাকলেও শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে পারছেন না। কেন্দ্রীয় খেলার মাঠসহ বিভিন্ন মাঠ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়া দিচ্ছে বলে অভিযোগ ওঠে। ওই প্রতিবেদনকে ভিত্তি করে এইচআরপিবি জনস্বার্থে রিট আবেদন করে।
রিটের প্রাথমিক শুনানিতে ২০১২ সালের ২৬ নভেম্বর হাই কোর্ট কেন্দ্রীয় খেলার মাঠ সংরক্ষণে কারণ দর্শানোর নির্দেশ (রুল) জারি করে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে মাঠ থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে এবং ছাত্রদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দেয়।
পরে সংগঠনটি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, হাজী মুহাম্মদ মহসিন হল, কবি জসিমউদ্দিন হল, ফজলুল হক হল, মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং রোকেয়া হলের খেলার মাঠ সংরক্ষণে সম্পূরক আবেদন করে।
মনজিল মোরসেদ বলেন, “খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও উদ্যান সংরক্ষণ আইন, ২০০০ অনুসারে এসব মাঠের প্রকৃতি পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ। তবু ব্যবসায়িকভাবে মাঠ ব্যবহারের কারণে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন।”
আদালত পর্যবেক্ষণে বলেন, “খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগ এবং মানসিক প্রশান্তির জন্য অত্যাবশ্যক। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্পোর্টস গ্রাউন্ড সংরক্ষণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।”
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আনিছুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মুনিরুজ্জামান।