ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৫ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিক্ষকদের নিয়ে স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল গঠন করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী, রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “ভোটারদের আগ্রহী করতে প্রথমবারের মতো বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের চেয়ারম্যানদের চিঠি দিয়েছি। নতুন ভোটাররা যেন আগ্রহ নিয়ে ভোট দিতে আসে, সে জন্য তাঁদের উৎসাহিত করা হচ্ছে।”
সাইবার বুলিংয়ে কঠোর অবস্থান
আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, এবারের নির্বাচনে সাইবার বুলিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই শক্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তিনি বলেন, “এত দিন সতর্ক করা হলেও এখন থেকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। যেসব পেজ থেকে বুলিং হচ্ছে, সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে। আবার খুলে অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই।”
তিনি আরও বলেন, “যেসব পেজের অ্যাডমিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সহজেই শনাক্ত করা যাবে। যদি কেউ শিক্ষার্থী না হন, তবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর কেউ প্রার্থী হয়েও সাইবার বুলিংয়ে জড়িত থাকলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।”