চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩ মে , ২০২৫
ভিত্তিপ্রস্তরের ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলটির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৩ মে) দুপুরে হল মিলনায়তনে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. এ. জি. এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আল-আমীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারীসহ অন্যান্যরা।
অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন বলেন, ২০১৫-১৬ সালে এই হলের ভিত্তিপ্রস্তর করা হয় এবং ২০১৮ সালে হলে ছাত্র উঠানোর কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমি গত বছর সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করেছি হলে ছাত্র উঠানোর জন্য। আজকে আমরা সফল হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর সহযোগীতায় আমরা হলে ছাত্র উঠাতে পেরেছি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, এই হল চালু করার আগে মেরামত করতে হয়েছে। এই হল ভিত্তিপ্রস্তর থেকে চালু করতে অনেক সময় লেগেছে। চারজন হলের প্রভোস্টের দায়িত্ব পালন করার পরও তারা হল চালু করতে পারেনি। এটা আমাদের জন্য লজ্জা।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে ১ হাজার শিক্ষার্থী নতুন দুই হলে উঠাতে পেরেছি। আমরা রাতারাতি সব শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা দিতে পারছি না। তবে আমরা আরও বেশ কয়েকটি হল নির্মাণের জন্য সরকারের সাথে আলোচনা করছি।”
২০১৬ সালের ২১ জানুয়ারি বঙ্গবন্ধু হলের পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের। ২০১৮ সালের মে মাসে ৪ কোটি টাকা ব্যয়ে হলটির প্রথম পর্যায়ের কাজ শেষ হলেও পুনরায় বর্ধিত করে কাজের পরিধি বাড়ানো হয়।