প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৯ মার্চ , ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিতে পাঁচ সদস্যের 'সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি' গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনার জন্য এ কমিটি করেছে দলটি।
বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে সারোয়ার তুষারকে। বাকি চার সদস্য হলেন- মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।
সারোয়ার তুষার প্রথম আলোকে বলেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাগুলোতে এই কমিটি অংশ নেবে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তখন এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব অংশ নেবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলকে পাঠানো হয়।
এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে। দলগুলো হল- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।
বিএনপি-জামায়াতসহ ২৩টি রাজনৈতিক দল এখনো তাদের পূর্ণাঙ্গ মতামত দেয়নি। দলগুলো এজন্য আরও সময় চেয়েছে।
১৩ মার্চের মধ্যে দলগুলোকে সুনির্দিষ্ট মতামত পাঠাতে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। নির্ধারিত তারিখের মধ্যে কেবল ৭টি দল তাদের মতামত জানিয়েছিল।