জবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ৪ মে , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হাবিবুর রহমান হল ও আবাসিক ভবনের নির্মাণ প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত ৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্র) ২০২৫-এ চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শনিবার (৩ মে) তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শিগগিরই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে (একটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।"
শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে উল্লেখ্য করে উপাচার্য আরও বলেন, “আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না। আসলে আমাদের হাতে কিছু নেই। ”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, “প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জরুরি প্রয়োজন বিবেচনায়। একবার ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ভবনের বড় সিঁড়ি দেখে তিনি ওপরে ওঠেননি। গর্ভবতী নারী শিক্ষিকার ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। তাই কোনো অপচয় নয়, বরং প্রয়োজনীয়তার জায়গা থেকেই লিফট বসানো হচ্ছে।”
অনুষ্ঠানের সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “ছেলেরা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।” শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ক্রীড়া বাজেট বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্র)-২০২৫’-এ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামিক স্টাডিজ বিভাগ।