প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৩ মে , ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করার অধ্যাদেশ জারি হয়েছে।
সোমবার (১২ মে) মধ্যরাতে কঠোর গোপনীয়তার সঙ্গে জারি করা হয় বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’।
অধ্যাদেশ অনুযায়ী, এনবিআর আর আগের কাঠামোয় থাকবে না।
রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও কাস্টমস আদায়, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে।
এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন বাংলাদেশ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। সরকারি অর্থব্যবস্থা শক্তিশালী করতেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও নতুন অধ্যাদেশ ঘিরে প্রশাসন ও রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সংস্কার, আবার অনেকেই একে হঠকারী ও অপরিকল্পিত পদক্ষেপ বলেও অভিহিত করছেন।