জবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৮ জুলাই , ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী—এমন মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিশীল। বাংলাদেশ এখন একটি জাহাজ, কিন্তু চালানোর মতো দক্ষ নাবিক নেই। আমাদের দেশের নেতারা চিন্তা করেন কীভাবে নদী, রাস্তা ও দোকান দখল করবেন, কিন্তু দেশের ভবিষ্যৎ গড়তে কোনো চিন্তা নেই।”
ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতি গালি নয়, গলাগালির ক্ষেত্র হওয়া উচিত। মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধ বা ‘জুলাই যোদ্ধাদের’ ইতিহাস বিকৃত হলে ছাত্রশিবির চুপ থাকবে না।”
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী তৈরি করতে পারছে না। মানুষ তৈরির কারখানা হওয়ার কথা থাকলেও এখানে মানুষ হত্যা, ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়। আবরার, বিশ্বজিৎ, জাবির ধর্ষণ ঘটনা প্রমাণ করে, এখানে মানুষ নয়, বর্বরতা তৈরি হয়।”
তিনি আরও বলেন, প্রতিটি অর্জনের পর নতুন পরিকল্পনা জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যা হল সমস্যার জট। পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশ, অবকাঠামোগত দুর্বলতা, গবেষণা ও লাইব্রেরি সুবিধার ঘাটতি সত্ত্বেও সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। ছাত্রশিবিরের এমন উদ্যোগ প্রশংসনীয়। অন্য ছাত্রসংগঠনগুলোও এমন কার্যক্রমে অংশগ্রহণ করুক, সেটাই প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. মির্জা গালিব, জামায়াতে ইসলামীর পল্টন থানা আমীর শাহীন ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন সাইদী।