ইবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৮ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনে অবস্থিত পুকুর থেকে সাজিদ আব্দুলাহ নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৬টায় ইবি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
সাজিদ আব্দুলাহ ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখা যায়। অনেকে একে ময়লার স্তূপ ভেবে গুরুত্ব দেননি। তবে বিকেল ৫টার দিকে যখন বস্তুটি ধীরে ধীরে পুকুরের কিনারায় চলে আসে, তখন শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে পুলিশ এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী হল সংলগ্ন দোকানদার আকমল বিশ্বাস বলেন, “দুপুরে পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখি, প্রথমে ময়লা ভেবেছিলাম। পরে কিনারায় আসলে বুঝি এটা মানুষের লাশ। তখন আশেপাশের লোকজন জড়ো হয়।”
সাজিদের বন্ধু ইনসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ওকে একা থাকতে দিতাম না। বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকালে ফোন করেও পাইনি। ভাবিনি এমন কিছু হবে। এই শোক সহ্য করা আমাদের জন্য অসম্ভব।”
এ ঘটনার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা ঘটনাস্থলে ভিড় করে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।