চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীর গায়ে হাত তোলা শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখ ছাত্রদল।
মঙ্গলবার রাতে মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটা পাহাড় রোড হয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় ক্যাম্পাসে ঘটে যাওয়া মব জাস্টিস ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানান ছাত্রদল নেতারা।
চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার পতিত আত্মা এখনো দেশে বিরাজ করছে। যার ফলে ৫ ফেব্রুয়ারি রাতে এক ছাত্রী একজন অধ্যাপকের গায়ে হাত তুলেছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, যারা বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপদস্থ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, যারা ফ্যাসিবাদের মতো আচরণ করবে, তাদের বিরুদ্ধে চবি ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যেও এখনো অনেক ফ্যাসিবাদের দোসর ঘাপটি মেরে আছে। এদের অবিলম্বে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসীন বলেন, স্বৈরাচারের দোসরদের যদি শাস্তির আওতায় না আনা হয়, তবে ক্যাম্পাসে মব জাস্টিস বেড়ে যাবে, এতে জুলাই আন্দোলনের শহীদদের রক্তের প্রতি বেইমানি করা হবে।
প্রসঙ্গত, চবির শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুরের জেরে সহকারী প্রক্টরের গায়ে হাত তোলেন হলটির শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। তিনি আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী। ্বএ ঘটনায় শাখা ছাত্রশিবিরও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।