প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৯ এপ্রিল , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলেও সংগঠনটি ৪০ বছরের বেশি বয়সী নাগরিকদের নিয়ে আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
ঝিমিয়ে পড়া সাংগঠনিক তৎপরতায় গতি আনতে শুক্রবার নয় ঘন্টাব্যাপী তৃতীয় সাধারণ সভায় মিলিত হনে এনসিপি নেতারা।
বৈঠকে গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগের বিচারের অগ্রগতি, তৃণমূলে সাংগঠনিক বিস্তৃতিসহ সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন এনসিপি নেতারা।
শুক্রবার বেলা ৩টায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে শুরু হয় বৈঠক। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতি এবং সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালক ছিলেন। এনসিপির ২১৪ জন সাধারণ সদস্যের মধ্যে ১৭৪ জন সভায় উপস্থিত ছিলেন।
সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল- এনসিপি’র অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বৈঠকে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। এছাড়াও, কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।
উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে এনসিপি’র কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি সপ্তাহে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে মর্মে সভায় সিদ্ধান্ত হয়।