প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৭ নভেম্বর , ২০২৫
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনটি পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে, এবং আরও দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আজ, সোমবার, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
এ ছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচার শুরু হয় দুপুর সাড়ে ১২টায় এবং সাজা ঘোষণা করা হয় বিকেল ৩টায়। এটি জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলার প্রথম রায়।
আদালত জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং বাকি দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আদালত উল্লেখ করেন, তার অপরাধও মৃত্যুদণ্ডযোগ্য ছিল, তবে তিনি বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা ও রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল: গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া, এবং রংপুরে ছাত্র আবু সাঈদ, চানখাঁরপুলে ও আশুলিয়ায় হত্যাসহ লাশ পোড়ানোর ঘটনা। এর মধ্যে শেষ তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং প্রথম দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।