প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৬ মার্চ , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চির অম্লান করে রাখার জন্য সড়ক ও অন্যান্য অবকাঠামোসমূহ বীর শহীদদের নামে নামকরণের জন্য আবেদন আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আবেদন আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আবেদনপত্র হাতেহাতে বা অনলাইনে প্রদান করা যাবে। গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল প্রাপ্ত আবেদপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছাতে ও নামকরণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, “জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতি চির অম্লান করে রাখার জন্য সড়ক ও অন্যান্য অবকাঠামোসমূহ বীর শহীদদের নামে নামকরণ করা অতীব জরুরি বিষয়।
“এ লক্ষ্যে সংশ্লিষ্ট শহীদ পরিবার, স্থানীয় আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের কাছে সুর্নিদিষ্ট সড়ক ও অন্যান্য অবকাঠামো সংক্রান্ত আবেদন আহ্বান করা হচ্ছে।”
সার্বিক যোগাযোগের জন্য সংগঠনের সদস্য ওয়াসিমুল হাসান শাতিল (০১৬২১৩২৪১৮৭) এবং আনিসুর রহমানের (০১৫৭১৪২২২২১) নম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুলাই-অগাস্টে কোটা সংস্কার থেকে সরকার পতনের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। ৫ অগাস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
আন্দোলনের আগে-পরে ১৫ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ১৪০০ মানুষ নিহতের তথ্য উঠে এসেছে জাতিসংঘের অনুসন্ধানে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।