প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস)- প্রথম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউআইটিএস-এর খেলার মাঠে মনোজ্ঞ ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া ক্লাব এই টুর্নামেন্টের আয়োজক।
ফাইনাল ম্যাচে ইউআইটিএস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 'CSE Blasters' বনাম আইন বিভাগের 'Law Legends' শিরোপার জন্য মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে 'Law Legends' কে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার নিজেদের করে নেয় 'CSE Blasters'।
জমকালো আয়োজনের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১২টি টিম চারটি গ্রুপে অংশ নেয়। গ্রুপ পর্ব ও সেমি-ফাইনাল শেষে 'CSE Blasters' ও 'Law Legends' ফাইনালে খেলার মুখোমুখি হয়।
ফাইনাল ম্যাচের পূর্বে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাঠে বসে সমাপনী অনুষ্ঠানটি উপভোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোঃ নাহিদুল ইসলাম, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, ক্রীড়া কমিটির আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন আহমেদ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল ইমতিয়াজ, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, ক্রীড়া কমিটির সকল সদস্য ও কেন্দ্রীয় ক্রীড়া ক্লাবে সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।