প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
নানা কর্মসূচিতে জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ শুরু হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 'ধর্ম বিভিন্ন কিন্তু মানবজাতি অভিন্ন' প্রতিপাদ্য নিয়ে এই সপ্তাহ পালিত হচ্ছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আয়োজনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি আন্তঃধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া শোভাযাত্রা কলাভবনের মূল ফটক হয়ে রাজু ভাস্কর্য ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে ফের আবার অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে এ সময় 'শান্তি ও সম্প্রীতি সমাজের মূল শক্তি', 'ভিন্ন মত, ভিন্ন পথ কিন্তু গন্তব্য এক মানবতার জয়,গাহি সাম্যের গান', 'বৈচিত্রেই সম্প্রীতি নিহিত'সহ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক কাজী নুরুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শোভাযাত্রা শুরুর আগে এই অধ্যাপক বলেন, "২০১০ সালে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ মার্চ মাসের ১০ তারিখে এমন একটি সপ্তাহ পালনের প্রস্তাব দেন। যার মূল লক্ষ্য সারা বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে সম্প্রীতি বৃদ্ধি করা যায়। জাতিসংঘের অনুমোদিত কোন প্রস্তাব এইভাবে বিনা বাধায় পাস হয় নাই। সবাই এটার সমর্থন করেছে। ২০১১ সাল থেকে এটা পালিত হয়ে আসছে।
"পৃথিবীর অনেক দেশ ভালোভাবে জানার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এটি পালন করে আসছে। আজকের এই আয়োজনটি একটি প্রতীক মাত্র। আমরা আন্তঃধর্মীয় সম্প্রতি প্রতিষ্ঠার লক্ষে প্রতিদিনই কাজ করে থাকি।"
বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো.আবু সায়েম বলেছেন, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালন করা হয়।
“আন্তঃধর্মীয় সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশে আছে, তবে অত্যন্ত দুঃখজনক, মাঝেমধ্যে এর ব্যাত্যয়ও ঘটে। ”
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড.মো.আবু সায়েমের সভাপতিত্বে এবং সাবেক চ্যায়ারমেন ফাদার তপন ডি রোজারিওসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ওই শোভাযাত্রায় অংশ নেন।