বেরোবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৫ আগস্ট , ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন নারী শিক্ষার্থীর আনীত যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তা পর্যালোচনা করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অধ্যাপক রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ গত ৩ আগস্ট অধ্যাপক রশীদুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।