প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৮ মে , ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানের ৯ মাস পর দেশ ছাড়লেন ফ্যাসিস্ট সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৫ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দরে আসেন আবদুল হামিদ। তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ ছিলেন।
ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পরে তারা তিনজনই ব্যাংককের উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরের সূত্রগুলো জানায়, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল হামিদ দেশের চিকিৎসকদের পরামর্শেই বিদেশে গেছেন। তিনি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।
উল্লেখ্য, আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।