প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ মার্চ , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তার বয়স হয়েছিল ৭১ বছর।
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আরেফিন সিদ্দিককে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল হোসাইন রাতে বিডিনিউজকে বলেন, "অধ্যাপক আরেফিন সিদ্দিককে রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গত ৬ মার্চ ‘বড় ধরনের স্ট্রোক’ করার পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।