প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ মার্চ , ২০২৫
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের যে তথ্য আওয়ামী লীগ এবং এর অঙ্গসংঠনের নেতাকর্মীরা ছড়িয়েছেন, সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পাতায় এ বক্তব্য দিয়ে এক সদস্যের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।
বিজিবি বলেছে, বাংলাদেশমুখী রোহিঙ্গাদের উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়েছেন।
“পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। বর্তমানে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্যান্যদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।”
বিজিবির বার্তায় বলা হয়, “বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুইদিন ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছেন।
“সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি গোচর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
সম্মিলিতভাবে নানান ধরনের গুজব ছড়ানোর ধারাবাহিকতায় শনিবার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাফ নদীতে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের একটি তথ্য সামনে নিয়ে আসেন। সেটার প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে বিজিবির ফেসবুক পোস্ট।
ঘটনার বর্ণনা দিয়ে পোস্টে বিজিবি বলেছে, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়।
“খবর পেয়ে সৈকতের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।”
এদিকে, স্থানীয় প্রশাসনের বরাতে এক প্রতিবেদনে বিডিনিউজ জানিয়েছে, রোহিঙ্গাবোঝাই ওই নৌকাডুবির ঘটনায় শনিবার রাত পর্যন্ত তিন নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ বিজিবি সদস্যের নাম বিল্লাল হাসান, তিনি সিপাহী হিসেবে কর্মরত।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তের ভিওপিতে কর্মরত ছিলেন বিল্লাল। তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও খোয়া গেছে।