প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৪ মে , ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী সোমবারের পরিবর্তে মঙ্গলবার (৬ মে) তিনি দেশে ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।
সময়সূচি প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়।