ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৫ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ এই সময়ের মধ্যে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি—ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে অন্য কোনো যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ সবাইকে ওই সময়ে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে।