শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ ফেব্রুয়ারি , ২০২৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ স্মরণে নির্মিত 'রুম নম্বর ২০১১' শর্টফিল্মটি প্রদর্শিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড়পর্দায় এই শর্টফিল্মটি প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রদর্শনীর আয়োজক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ এবং যে জুলাই আন্দোলন হলো আমরা মনে করি যে, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ দুটোর একই সাথে পতন হয়েছে। যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। যেই আন্দোলন টা শুরুই করেছিল আবরার ফাহাদ।
তিনি আরও বলেন, আমরা মনে করি যে আমাদের আগামীর গণতান্ত্রিক সংগ্রাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, আর যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলছি এটা আবরাব ফাহাদেরই আত্মত্যাগ। তার যে লড়াই টা সেটি জারি রাখতে হবে। তাঁর চেতনা আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন।
উল্লেখ, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিহত হয়েছিলেন। তিনি একই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
ফেনী নদীর পানি ভারতের উত্তোলনের বিরোধিতা করে ফেসবুকে একটি পোস্ট দেয়ার প্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ৭ অক্টোবর ২০১৯ সালে পিটিয়ে হত্যা করেছিল।
আবরার ফাহাদের ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা জাগ্রত রাখতে এ শর্টফিল্মটি নির্মিত হয়।