ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২০ আগস্ট , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্পদ রক্ষণাবেক্ষণে প্রযুক্তি নির্ভর সল্যুশন ‘অ্যাসেট টেক’ প্রস্তাব করেছে টেক কোম্পানি ইথারটেক। সম্পদ সুরক্ষা, চুরি বা অযথা ক্ষতি হ্রাস এবং নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ সল্যুশনটি কাজ করবে।
সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইসিটি সেলের পরিচালক শাহাজান আলী, বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রভোস্ট ও কর্মকর্তারা।
প্রেজেন্টেশনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও অস্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, নির্মাণসামগ্রী ও আসবাবপত্র ব্যবহারের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ রাখা যাবে এই সিস্টেমের মাধ্যমে।
ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব বলেন, “অ্যাসেট টেক একটি আরএফআইডি স্টিকার ও স্ক্যানারের সমন্বয়ে তৈরি ইন্টিগ্রেটেড সল্যুশন। কোনো সম্পদ হারানো, স্থানচ্যুত হওয়া বা অননুমোদিতভাবে ব্যবহৃত হলে প্রশাসন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে। এতে সিকিউরিটি স্টাফরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।”
ইথারটেকের পক্ষ থেকে জানানো হয়, এ সেবা এককালীন সুবিধা হিসেবে বা দুই মাস ও ছয় মাস মেয়াদী সাবস্ক্রিপশনভিত্তিক চুক্তির মাধ্যমে নেওয়া যাবে।
প্রেজেন্টেশন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবিতে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমকে এর সঙ্গে যুক্ত করতে পারি, তবে স্মার্ট ক্যাম্পাস গড়ার পরিকল্পনায় এক ধাপ এগিয়ে যেতে পারব।”