জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৬ জুলাই , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তিনজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত দশটায় জবি রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াসউদ্দিনের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উভয়েই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
এছাড়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইয়াসিন হোসেন সাইফ, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু হেনা মুরসালিন এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইমরান হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিমকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তাকে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। তিনিও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী মারধর করেন। রফিকের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। তাকে রক্ষায় এগিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন।
ছাত্রদলের কর্মীরা তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক মো. ফারুকের ওপরও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।