ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১২ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ আজ (১২ আগস্ট, মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। ডাকসুর মনোনয়নপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে সশরীর সংগ্রহ ও জমা দিতে হবে। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ ও দাখিল করতে হবে।
ডাকসু ও হল সংসদ আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও যদি তালিকায় বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকে, তবে উপযুক্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, যা ২৮ বছর পর অনুষ্ঠিত হয়।
ইতিমধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। মোট ভোটারের ৫২.৪৮ শতাংশ ছাত্র এবং ৪৭.৫২ শতাংশ ছাত্রী। ভোটার তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ducsu.du.ac.bd) এ পাওয়া যাবে।