মানিক হোসেন, ইবি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংবাদপত্রে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৪০ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা কর্মশালাটির আয়োজন করে।
সংগঠনটির শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. বিল্লাল হোসেন। এছাড়াও সংগঠনটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল মুনাইম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি, ইবি শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদসহ সংগঠনটির দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারের মত এবারও ভিন্ন কিছুর আয়োজন করে চলেছে। আশা করি সহযোগী সদস্যদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
সংগঠনটির ইবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালায় ইমেইল বিষয়ক প্রাথমিক ধারণা দেন শাখা সহ-সভাপতি রুহুল আমিন।