রাবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ২৫ মে , ২০২৫
অনৈতিক সম্পর্কের অভিযোগে আটকের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও একই বিভাগের এক ছাত্রীকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, বিভাগের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত ওই শিক্ষক ও ছাত্রী বিভাগের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্তে ফার্মেসি বিভাগের অধ্যাপক এম গোলাম সাদিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, ১১ মে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহ এবং একই বিভাগের এক ছাত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করেন কয়েকজন শিক্ষার্থী।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই শিক্ষক ও ছাত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, পরিস্থিতি তৈরির পর ভিডিও ধারণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, সাংবাদিকসহ চারজন শিক্ষার্থী তিন লাখ টাকা চাঁদাবাজি করেছেন।