প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ ফেব্রুয়ারি , ২০২৫
গাজীপুরে ফাঁদ পেতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর আক্রমণের পর সারাদেশে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার থেকেই ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই অভিযান শুরু হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বার্তায় জানান হয়।
শনিবার পাঠানো ওই বার্তায় বলা হয়, গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
গাজীপুরে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে।”
শনিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। সেখানে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা।
ওই ঘটনায় ১৩ জন আহতের খবর দিয়েছিলেন গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।