প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১০ জুলাই , ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়া হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুসারে, বিনামূল্যের এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, “আমরা জুলাইয়ের চেতনা, বিশেষ করে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, সমুন্নত রাখতে অত্যন্ত আগ্রহী। এখন আমরা চিঠিটি পর্যালোচনা করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়।