জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৩১ জানুয়ারী , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ('ই' ইউনিট) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নিজস্ব ভর্তি পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হয়।
ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের অভ্যর্থনা ও সেবায় নিয়োজিত ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ ছাড়া অঞ্চলভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের নানা সেবা দেয়। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি, ওষুধ ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়।
ছবি: জবি ভর্তিচ্ছুদের অভ্যর্থনায় শিবিরের আয়োজন
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য, যে সব উপকরণ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার আইনগত বৈধতা রয়েছে এমন উপকরণ দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। ছাত্রশিবির সবসময় নিজেদের সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। আমরা চাই পরীক্ষা দিতে আসা সব শিক্ষার্থী যেন সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।”
শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সুশৃঙ্খল ভাবে সকলকে সহায়তা করার জন্য আমার নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আজকের মত পরবর্তী পরীক্ষাগুলোতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে।
চারুকলা ইউনিটে মোট ৬০টি আসনের বিপরীতে এক হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী ছিলেন। উপস্থিতির হার ছিলো প্রায় ৯০ শতাংশ।
পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ ছিল। ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ সম্পর্কিত একটি প্রশ্ন এসেছে। প্রশ্নের সাধারণ জ্ঞান অংশের একটি প্রশ্নে আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ জানতে চাওয়া হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার বলেন, “পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা গুচ্ছ থেকে বের হয়ে গেলাম। আজকের পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি ছিলো।”