শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি , ২০২৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এবং বিকাল ৩টা থেকে দুই ধাপে দেশের পাঁচটি বিভাগীয় শহরে হয় এবারের ভর্তি পরীক্ষা।
তবে এবারের পরীক্ষায় ভুল করে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে শিক্ষার্থী চলে যাবার ঘটনা ঘটেছে শাবিপ্রবি কেন্দ্রে। বরিশালের এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থী ভুল করে ঢাকা কেন্দ্রের পরিবর্তে চলে আসেন শাবিপ্রবি কেন্দ্রে বলে জানা গেছে।
জানা যায়, বিকালে বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষায় মুশফিকা নাজনীন ছোয়া নামে এক পরীক্ষার্থী সরকারি ল্যাবরেটরি স্কুল, ঢাকা এর পরিবর্তে ভুলবশত শাবিপ্রবি কেন্দ্রে চলে আসেন। পরে শিক্ষার্থীর অভিভাবক নিরুপায় হয়ে শিবিরের সহায়তা কেন্দ্রে এসে বিষয়টি জানালে, শাবিপ্রবি ছাত্রশিবিরের পক্ষ থেকে ভর্তি কমিটির সাথে যোগাযোগ করলে ঐ শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তাফিজুর রহমান সানু বলেন, "আমার মেয়ের কেন্দ্র ছিল ঢাকাতে কিন্তু আমরা ভুল করে আজ সকালে সিলেট চলে আসি।
তখন আমি নিরুপায় হয়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসি। এখানে এসে ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্র দেখতে পাই এবং সেখানে গিয়ে বিষয়টি জানাই। তখন তারা তাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করেন এবং আমাকে আশ্বস্ত করে জানান আমার মেয়ে এখানেই পরীক্ষা দিতে পারবে।"
তিনি আরও বলেন, "ইসলামী ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্র যদি না থাকতো তাহলে হয়তো আমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তারা শুধু আমার মেয়েকেই হেল্প করে নি, তারা সব শিক্ষার্থীকে পানি, কলম ও স্যালাইন সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে এবং অভিভাবকের বসার ব্যবস্থা করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।"
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ঐ নারী পরীক্ষার্থীর অভিভাবক তার মেয়ের পরীক্ষা না দিতে পারার ভয়ে আতঙ্কিত হয়ে আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাৎক্ষণিক ভর্তি কমিটির সাথে যোগাযোগ করি। এরপর ওই পরীক্ষার্থীর পরীক্ষা এ কেন্দ্রেই নেয়ার ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে এবং তাদের কষ্ট লাঘবের চেষ্টা করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির এ ধরনের কাজ করে আসছে এবং সকলকেই উৎসাহ দিয়ে আসছে। ভবিষ্যতেও ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, "সে ভুল করে তার নির্ধারিত কেন্দ্র থেকে শাবিপ্রবিতে চলে আসলে আমরা ঐ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।"