কুয়েট প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি , ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে বাসভবনে অবস্থান নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ।
খবর পেয়ে সোমবার রাত ১১টায় সেখানে যান শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যসহ কিছু অজ্ঞাত ব্যক্তিকে বাসভবনে ঢুকতে দেখতে পান।
শিক্ষার্থীরা তাৎক্ষণিক উপাচার্যকে বাসভবন ত্যাগ করার আহ্বান জানান। কিন্তু উপাচার্য অসুস্থ আছেন জানালে শিক্ষার্থীরা তাকে বাসভবন ছাড়ার জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সময় বেধে দেয়।
শিক্ষার্থীরা জানান, ‘গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলসহ বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা চাপাতি, রামদা, পিস্তল দিয়ে নৃশংস হামলা চালিয়েছে। এ পরিপ্রেক্ষিতে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করে। আল্টিমেটাম দেওয়ার পরও শিক্ষার্থীদের দাবি পূরণ না করা এবং শিক্ষার্থীদের সাথে বারংবার মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেওয়ায় তারা উপাচার্যকে বর্জন করেন। ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১ টার দিকে খবর আসে, বাসভবনের তালা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় কিছু শিক্ষার্থী সেখানে যায় এবং সত্যতা নিশ্চিত করে।
শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের কোনো অধিকার নেই বাসভবনে থাকার। আমরা তাকে বর্জন করেছি। নতুন উপাচার্য না পাওয়া পর্যন্ত আমরা এখানে তালা দিয়ে রাখব।
তালা ভাঙা প্রসঙ্গে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, ‘চিকিৎসা গ্রহণ শেষে রাতে বাসভবনে আসি। এখানে গেট খোলাই ছিল, ভেতরে প্রবেশ করি। আমার কাছে ছাত্ররা আসেনি। তবে শোনা যাচ্ছে ছাত্ররা বাসভবন ছেড়ে দিতে বলছে। আমাকে সরাসরি কেউ কিছু বলেনি।’
তিনি আরও জানান, তাকে অফিস করতে হবে। তিনি বাসভবনেই থাকবেন এবং অফিসও করবেন।