জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১১ এপ্রিল , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা কার্যক্রমের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেইজে এই ঘোষণা দেওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সংগঠনটি। আগামী ২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এ কার্যকম।
ওই ফেসবুক ঘোষণায় বলা হয়েছে, “বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে দফা ২৬ ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসা’।
“বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা হচ্ছে।”
টিকা কার্যক্রমের সঙ্গে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং করার কথাও জানিয়েছে জাবি ছাত্রদল।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে ১৫ বছরের টানা শাসন থেকে বিদায় নেন শেখ হাসিনা। এরপর ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের অনুপস্থিতিতে নতুন করে অবস্থান তৈরি করছে ছাত্রদল ও ছাত্রশিবির।
রাজনৈতিক পরিবর্তনের ধারায় সংগঠনগুলো অনেকটা সহাবস্থান নিশ্চিত করে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসীম আহমেদ অনিক বলেন, “হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখনো অনেক শিক্ষার্থী এই রোগ সম্পর্কে সচেতন নয় এবং সময়মতো ভ্যাকসিন নিতে পারে না।
”এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায়, জাতীয়তাবাদী ছাত্রদল- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি বিনামূল্যের হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলা। উন্নতমানের টেস্ট কিট দিয়ে ফ্রি স্ক্রিনিং করা হবে এবং প্রযোজ্যদের মাঝে ভ্যাকসিন প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
“আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি তার সুস্বাস্থ্য। তাই ছাত্রদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং সুস্থ থাকুন।”