প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি , ২০২৫
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান চলার সময় গোলাগুলির ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই আব্দুল মোমিন বলেন, যৌথ বাহিনীর কাছে তথ্য আসে যে 'চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে'।
এমন খবরের প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল লাউতলায় গেলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। দুই থেকে তিন মিনিট গুলি বিনিময়ের একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণকারীদেরকে গ্রেপ্তার করার সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।
তিনি আরও বলেন, 'গ্রেপ্তার পাঁচজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে।'