প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ মার্চ , ২০২৫
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটার তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো।
হান্নান মাসউদের অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির কর্মী-সমর্থকেরা। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ বলেন, “আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যান। তাঁরা আমাদের লোকজনের ওপর হামলা চালান। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”
অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বলেন, জাহাজমারায় কারা কী করেছে, এর কিছুই জানেন না তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, হান্নান মাসউদের পথসভায় হামলার খবর তিনি শুনেছেন। কী ঘটেছে, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।