প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৫ জুলাই , ২০২৫
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবেন না বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা তার জন্য আফসোসের।
আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, “গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। এদেশের জনগণ তার কী পরিণতি করেছে, তা সবারই জানা। জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হব না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
স্ট্যাটাসের শেষদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”