প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ এপ্রিল , ২০২৫
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’, বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলা করেছে বহিরাগত ১২-১৫ জনের একটি দল।
শনিবার রাত আটটার দিকে কুয়েট–সংলগ্ন নগরের ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ওবাইদুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের মোহন। তারা সবাই কুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি কুয়েটে যে আন্দোলন হয়েছে, তাতে তারা নেতৃত্ব দিয়েছিলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
হামলায় এই চার শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে তারা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১২-১৫ জন বহিরাগত তাদেরকে ডেকে একটি রুমে নিয়ে যান। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। মারধরের সময় তারা বলেন, ‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি।’
এদিকে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।
কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, “ফুলবাড়ি গেটে গেলে এলাকার লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে। চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।”